নিজস্ব প্রতিবেদক:
দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে সরকার নির্লিপ্ত ও নির্বাক ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, গণমাধ্যমের গাড়িতে হামলা, বাড়িঘরে ভাঙচুর, দীর্ঘ সময় গুলি চালিয়ে লুটপাট ও মানুষকে আহত করার মতো ঘটনা ঘটছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, উদ্বিগ্ন হওয়ার মতো কিছু ঘটেনি। এ ধরনের বক্তব্যে মানুষ হাসবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। একই দিনে গণভোট ও সংবিধান সংস্কার নিয়ে সরকারের অবস্থান নিয়েও বক্তব্য দেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, জনগণের জানমাল ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তা দেওয়া। কিন্তু তিনি এখন সংবিধান নিয়ে ব্যস্ত। হাসপাতালে ও স্বাস্থ্যকেন্দ্রে হামলা, গণমাধ্যমের ওপর হামলা এবং সাংবাদিক আহত হওয়ার পরও যদি বলা হয় উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, তাহলে জাতি এমন বক্তব্য কোনো দায়িত্বশীল মন্ত্রীর কাছ থেকে আশা করে না।
তিনি সরকারপ্রধান ও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের নিজ নিজ বিভাগের দায়িত্ব পালনে আরও দায়িত্বশীল ও সক্রিয় হওয়ার আহ্বান জানান। তার ভাষ্য, তা না হলে সরকারের ওপর জনগণের আস্থা আরও কমতে পারে।
রাজনৈতিক সংকট নিরসনে সরকার ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, দেশের প্রধান রাজনৈতিক সংকটের সমাধান না করে এখন আবার ১২ ফেব্রুয়ারির গণভোটে জনগণের দেওয়া রায়ের পরিবর্তে বিশেষ কমিটির মাধ্যমে নতুন পদ্ধতিতে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তার দাবি, এটি জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
গোলাম পরওয়ার আরও বলেন, সরকার গ্যাস, বিদ্যুৎ, সার ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে মানুষ নিরাপদ বোধ করছে না। স্বাস্থ্যকেন্দ্র, বাড়িঘর ও অফিসে হামলার ঘটনা ঘটছে। একই সঙ্গে জ্বালানি ও গ্যাস সংকটের কারণে কলকারখানার প্রায় ৫০ শতাংশ উৎপাদন কমে গেছে বলেও তিনি দাবি করেন।
অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো সরকার কেন গুরুত্ব দিয়ে দেখছে না, সেটিও প্রশ্ন। এসব ঘটনার সঙ্গে সরকারের কোনো কোনো মন্ত্রী-এমপি জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এ ছাড়া নারী সংসদ সদস্যদেরও এ ধরনের ঘটনায় জড়িত হওয়ার অভিযোগ উঠেছে বলে দাবি করেন গোলাম পরওয়ার।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, আবারও গণভোটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কেন এমন কথা বলেছেন, তার ব্যাখ্যা তিনিই দেবেন। তবে তার আগে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির গণভোট নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন। ওই গণভোটে সরকার অংশ নিয়েছে এবং তারাই গণভোটের প্রস্তাবক ছিল বলে দাবি করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দলীয় প্রধান হিসেবে উত্তরবঙ্গে গিয়ে গণভোটের পক্ষে প্রচার করেছেন। জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংবিধান সংস্কারের যে পদ্ধতি অনুমোদন করেছে, সেটিকে পাশ কাটিয়ে নতুন পদ্ধতিতে যাওয়ার আগে সরকারের অবস্থান পরিষ্কার করা দরকার। গণভোটের পরিণতি কী হয়েছে, তার ব্যাখ্যা না দিয়ে নতুন কোনো প্রক্রিয়া শুরু করা হলে তা নতুন সংকট তৈরি করতে পারে বলে মন্তব্য করেন তিনি।