নয়াদিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার ১১টি দেশের মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ বৈঠকের আয়োজন ও উদ্যোগ নেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কার্যক্রম, আঞ্চলিক অগ্রাধিকার, নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়।

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর আওতাধীন বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানে দায়িত্ব পালন করা মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরা বৈঠকে অংশ নেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কূটনৈতিক সহকর্মীদের স্বাগত জানিয়ে সার্জিও গোর বলেন, ভারতে দক্ষিণ ও মধ্য এশিয়ার সব মার্কিন রাষ্ট্রদূতকে একসঙ্গে পেয়ে তিনি আনন্দিত।

বৈঠকে অংশ নেওয়া কূটনীতিকরা আঞ্চলিক বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করেন। বিশেষ করে কৌশলগত, অর্থনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও অংশ নেন। পরে এক্সে দেওয়া এক পোস্টে তিনি ভারতে অনুষ্ঠিত মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং আয়োজনের জন্য সার্জিও গোরকে ধন্যবাদ জানান।

রুবিও বলেন, ১১টি দেশে দায়িত্ব পালন করা মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের সঙ্গে তিনি কথা বলেছেন। এসব কূটনীতিক যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে সোমবার ভারতের পাঞ্জাবের অমৃতসর সফর করেন সার্জিও গোর। সেখানে তিনি শিখ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র স্থান স্বর্ণমন্দির পরিদর্শন করেন। পাশাপাশি জালিয়ানওয়ালাবাগ ও দেশভাগ জাদুঘরও ঘুরে দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *