মালয়েশিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক:

মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা, বৃত্তি ও আন্তর্জাতিক অ্যাকাডেমিক বিনিময়ের সুযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবু জাফর খান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, ভাষা শিক্ষার প্রসার এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে আরবি ও মালয় ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা, বৃত্তি ও আন্তর্জাতিক অ্যাকাডেমিক বিনিময়ে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকে বাংলাদেশি জনশক্তির জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরিতে ভাষা শিক্ষার ভূমিকা নিয়েও মতবিনিময় করেন তারা। মালয় ও আরবি ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি পেশাগত সক্ষমতা বাড়িয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।

আলোচনায় ভাষাগত দক্ষতার পাশাপাশি পেশাগত যোগ্যতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়। এর মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের মালয়েশিয়ার শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলার বিষয়টি উঠে আসে।

অধ্যাপক ড. মুহাম্মদ আবু জাফর খান বর্তমানে মালয়েশিয়ার ইউনিভার্সিটি সাইন্স ইসলাম মালয়েশিয়া (ইউএসআইএম) এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার (আইআইইউএম) আমন্ত্রণে সরকারি সফরে দেশটিতে অবস্থান করছেন।

সৌজন্য সাক্ষাৎকালে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। উপাচার্যের সফরসঙ্গী হিসেবে তার একান্ত ব্যক্তিগত সহকারী ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আশফাক আখতারও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *