২০২৭ সালের প্রথমার্ধে স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি:

২০২৭ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মাইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচনগুলো শুরু করা হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় বাজেটও বরাদ্দ রাখা হয়েছে।

তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের মাধ্যমে গাইবান্ধাবাসীসহ দেশের জনগণকে জানাতে চাই, নির্বাচনে কোনো ধরনের কলঙ্ক বিএনপির সরকার বা তারেক রহমানের ঘাড়ে নেওয়া হবে না। আগামী দিনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও দলনিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য সরকার নির্বাচন প্রশাসন ও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা করবে।

সেনা মোতায়েনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনগুলো জনগণের কাছে গ্রহণযোগ্য করতে যদি সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হয় এবং সেনাবাহিনী চাওয়া হয়, তাহলে সরকারের পক্ষ থেকে তা করা হবে। সেনাবাহিনী মোতায়েন করেও হলেও জনগণের প্রত্যক্ষ ভোটে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত হয়ে আসার বিষয়টি নিশ্চিত করতে সরকার সার্বিক সহযোগিতা করবে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে একই স্থানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *