আন্তর্জাতিক ডেস্ক:
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ইয়েমেনের রাজধানী সানাসহ তিন অঞ্চলে হামলা চালিয়েছে দেশটির সরকারি বাহিনী। শুক্রবার (২ অক্টোবর) ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাজেদ আল-নুজাইলি জানান, রাজধানী সানা, উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাইজে হুথিদের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
তবে এসব হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে কিংবা হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাননি ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র।
তিনি জানান, শুধু সাদা প্রদেশেই হুথিদের ১১টি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এদিকে তাইজে হুথিদের সঙ্গে ইয়েমেনি সরকারি বাহিনীর সরাসরি তীব্র লড়াই চলছে। দীর্ঘদিন ধরে অঞ্চলটিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে আসছে হুথিরা। তবে ইয়েমেনি সরকারি বাহিনীর স্থল অভিযান এবং সৌদি আরবের বিমান হামলার কারণে সেখানে তারা পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নতুন করে সংঘাত শুরুর পর হুথিরা দ্রুততম সময়ের মধ্যে বন্দরনগরী মোখা দখল করে নেয়। এর ফলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকার লোহিত সাগর ও বাব এল-মান্দেবের নিয়ন্ত্রণ হারায় বলে জানানো হয়েছে।
এখন বন্দরনগরী মোখা পুনরায় দখলে নেওয়ার পরিকল্পনা করছে ইয়েমেনের সরকারি বাহিনী। এ লক্ষ্যেই অঞ্চলটিতে সরকারি বাহিনীর তৎপরতা বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।