মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১৩ নম্বর ওয়ার্ডের মাসদাইর ও গলাচিপা এলাকায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হয়েছে। ৩ অক্টোবর (শনিবার) সকালে এক বর্ণাঢ্য র্যালি ও ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানোর মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
সামাজিক সংগঠন ‘সামাজিক শক্তি নারায়ণগঞ্জ (NSN)’ আয়োজিত এই সচেতনতামূলক অভিযানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান।
উদ্বোধনী বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান বলেন, “ডেঙ্গু একটি মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে মশক নিধন করা সম্ভব নয়, যদি না প্রতিটি নাগরিক নিজ নিজ জায়গা থেকে সচেতন হন। আমাদের স্লোগানই হচ্ছে ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ি’। ড্রেন, নালা কিংবা বাড়ির ছাদ বা আঙিনায় যেন কোনোভাবেই পানি জমে থাকতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। জমা পানি এডিস মশার প্রধান প্রজনন ক্ষেত্র।”
তিনি আরও বলেন, “সামাজিক শক্তি নারায়ণগঞ্জের মতো তরুণ ও সচেতন নাগরিকদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শহরের প্রতিটি ওয়ার্ডে এভাবে সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে আমরা দ্রুত নারায়ণগঞ্জকে ডেঙ্গুমুক্ত করতে পারব। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ফগার মেশিন ও স্প্রে করার কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে এবং জনস্বার্থে এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে।”
সংগঠনের নেতৃবৃন্দ জানান, মাসব্যাপী এই অভিযানের আওতায় ১৩ নম্বর ওয়ার্ডের মাসদাইর ও গলাচিপা এলাকার প্রতিটি অলিগলি পরিষ্কার করা হবে, লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হবে এবং যেখানেই এডিস মশার লার্ভা পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে তাৎক্ষণিক ওষুধ ছিটানো নিশ্চিত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সামাজিক শক্তি নারায়ণগঞ্জ (NSN)-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবেশকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।