পতাকা বিভ্রাটে এশিয়ান গেমসের সমাপ্তি, ক্ষুব্ধ দক্ষিণ কোরিয়া

স্পোর্টস ডেস্ক:

জাপানকে ১-০ গোলে হারিয়ে পুরুষ ফুটবলে টানা চতুর্থবারের মতো এশিয়ান গেমসের স্বর্ণপদক জিতেছে দক্ষিণ কোরিয়া। তবে ঐতিহাসিক এই জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পতাকা উত্তোলনের বিভ্রাটে শেষ পর্যন্ত বিতর্কের জন্ম দিয়েছে আইচি-নাগোয়া এশিয়ান গেমস।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় টয়োটা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক জাপানকে ১-০ গোলে হারায় দক্ষিণ কোরিয়া। ম্যাচ শেষে নিয়ম অনুযায়ী তিন দেশের পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের আয়োজন করা হয়।

এ সময় জাপান ও তৃতীয় স্থান অর্জনকারী চীনের পতাকা যথাযথভাবে ওপরে উঠলেও দক্ষিণ কোরিয়ার পতাকা মাঝপথে আটকে যায়। আয়োজকরা সেটি ঠিক করার চেষ্টা করলেও জাতীয় সংগীত শেষ হওয়ার আগে পতাকাটি যথাযথভাবে ওপরে তোলা সম্ভব হয়নি। পরে অবশ্য পতাকাটি উত্তোলন করা হয়।

ঘটনাটি দেখে দক্ষিণ কোরিয়ার সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং গ্যালারি থেকে দুয়োধ্বনি শোনা যায়। দক্ষিণ কোরিয়ার অধিনায়ক লি গি-হিউক এ ঘটনাকে হতাশাজনক বলে মন্তব্য করেন।

ইয়োনহাপ নিউজ এজেন্সির বরাত দিয়ে তিনি বলেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদযাপনের উপলক্ষ হওয়া উচিত। এত পরিশ্রম করে এখানে আসার পর ঠিকভাবে পতাকা উত্তোলন না হওয়ায় তিনি হতাশ হয়েছেন। দূরদূরান্ত থেকে দলকে সমর্থন করতে আসা দর্শকরাও এতে অখুশি হয়েছেন বলে মনে করেন তিনি।

এশিয়ান গেমসের আয়োজক কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, টয়োটা স্টেডিয়ামে পুরুষ ফুটবলের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পতাকা যথাযথভাবে উত্তোলন না হওয়ার ঘটনা ঘটেছে। এর কারণসহ বিস্তারিত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের কাছে দুঃখ প্রকাশ করেছে আয়োজকরা।

এবারের গেমসে দক্ষিণ কোরিয়াকে ঘিরে এর আগেও আয়োজনে বিভ্রাট দেখা দিয়েছিল। পুরুষ হকির একটি ম্যাচে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীতের পরিবর্তে উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজানো হয়েছিল।

এ ধরনের একাধিক সাংগঠনিক সমস্যার কারণে দক্ষিণ কোরিয়ার ক্রীড়া কর্মকর্তারাও এর আগে আয়োজকদের সমালোচনা করেছিলেন। কোরিয়ান স্পোর্ট অ্যান্ড অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট রিউ সিউং-মিন বলেছিলেন, আয়োজকদের মূল্যায়ন করতে বলা হলে তিনি ‘এফ’ গ্রেড দিতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *