সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠান সম্পন্ন

আব্দুল আজিজ আল মাক্কী:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সম্মানিত নাগরিকদের সঙ্গে এক মতবিনিময় সভা এবং যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২ অক্টোবর) বিকেলে কেরানীহাট সংলগ্ন ‘সী ওয়ার্ল্ড’ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি লায়ন এ এম মুন্না চৌধুরীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সিফাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা বুশরা মিশমা, চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক একরামুল হক, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মীর মোহাম্মদ শোয়াইব, কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিম, সাধারণ সম্পাদক জোবাইরুল আলম মানিক, এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, এনসিপি যুব শক্তির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইফাত ইব্রাহিম, জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি এবং বাংলাদেশ ছাত্র শক্তি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক তৌহিদুল ইসলাম সাইদ প্রমুখ।

উক্ত যোগদান অনুষ্ঠানে সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে ৫ শতাধিক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগদান ও অন্তর্ভুক্ত হন। বক্তারা রাজনৈতিক পুনর্গঠন ও নাগরিক অধিকার আদায়ে নতুন যোগদানকৃত নেতাকর্মীদের নিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *