জ্যেষ্ঠ প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে দলটি।
সোমবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে তিনি বলেন, ৪ অক্টোবর দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন গণমাধ্যমের চার সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
হামলায় আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান এবং দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু। তাদের দ্রুত সুস্থতা কামনা করেন জামায়াতের এই নেতা।
একই সঙ্গে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতি থাকা অবস্থায় ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হামলার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে হামলায় জড়িতদের ছবি থাকার পরও তাদের গ্রেপ্তার কিংবা আইনের কাছে সোপর্দ না করা আরও বেশি উদ্বেগের বিষয়।
মুক্ত সাংবাদিকতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে অপরাধী যে-ই হোক, তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
জামায়াতের এই নেতা আরও বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি একাডেমিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। এতে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।