জ্যেষ্ঠ প্রতিবেদক:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ়তা, মানবিকতা, সততা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণের নিয়ামক শক্তি। তাঁর গতিশীল নেতৃত্বে ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র, উন্নয়ন ও সুস্থ ধারার রাজনীতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি।
সোমবার (৫ অক্টোবর) কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোল্লাকান্দি লাল মিয়া পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার মারুফ বলেন, কোনো অপশক্তি দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে পারবে না। জনগণের প্রতিবাদে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র ও সহিংসতার অপচেষ্টা ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশের গর্ব ও অহংকার উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘের বিশ্বমঞ্চে তাঁর দেওয়া ভাষণে জাতীয় স্বার্থ ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও অবস্থান আরও সুদৃঢ় হবে বলেও দাবি করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, সামাজিক সুরক্ষার বিভিন্ন সুবিধাকে সমন্বয় করে ভবিষ্যতে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে মধ্যস্বত্বভোগী ছাড়াই ব্যাংক বা মোবাইল ওয়ালেটে সরাসরি প্রণোদনা পৌঁছানো, কৃষি ভর্তুকি ও চিকিৎসাসেবা সহজতর করার কথা জানান তিনি।
শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে খন্দকার মারুফ বলেন, বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে এবং শিক্ষার মানোন্নয়ন হয়। বিএনপি সরকারের সময়ে পাবলিক পরীক্ষা নকলমুক্ত করার কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বিগত সরকারের বিরুদ্ধে শিক্ষাঙ্গনে অরাজকতা ও শিক্ষাব্যবস্থা ধ্বংসের অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাঋণ ও উচ্চশিক্ষায় বিশেষ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। নারীদের স্নাতকোত্তর এবং ছেলেদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার কথাও জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে খন্দকার মারুফ বলেন, তারাই আগামী দিনে দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার। তাই নিজেদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে লেখাপড়ায় মনোযোগ দিতে হবে। অপ্রয়োজনীয় ঘোরাঘুরি ও আড্ডাবাজি থেকে দূরে থাকারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সভাপতি মো. সাইদুল ইসলাম সুমনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মো. জামাল হোসেন মজুমদার। এ সময় বিএনপি নেতা সাইফুল আলম ভুইয়া, দাউদকান্দি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী, ভিপি শাহাবুদ্দিন ভুইয়া, শরীফ চৌধুরী, রোমান খন্দকার, কামাল হোসেন ও আবদুল কাদেরসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।