স্পোর্টস ডেস্ক:

২০২৬ সালের ব্যালন ডি’অর ঘিরে ফুটবলবিশ্বে চলছে নানা আলোচনা। সম্ভাব্য বিজয়ীদের তালিকায় হ্যারি কেইনের নাম থাকলেও সাবেক বায়ার্ন মিউনিখ তারকা টমাস মুলারের পছন্দের তালিকায় জায়গা হয়নি ইংলিশ এই স্ট্রাইকারের। বরং তাঁর নজরে রয়েছেন মাইকেল অলিসে ও কিলিয়ান এমবাপে।

ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে এই দুই ফুটবলারই তাঁকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছেন বলে জানিয়েছেন মুলার। নিজের পছন্দের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, অলিসে ও এমবাপে দুজনই দৃষ্টিনন্দন ফুটবলের পাশাপাশি প্রতিপক্ষের জন্য নিয়মিত গোলের সুযোগ তৈরি করতে পারেন।

মুলারের মতে, দুজনের খেলায় দক্ষতা ও শারীরিক শক্তির দারুণ সমন্বয় রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ মুহূর্তে তারা নিজেদের কার্যকরভাবে মেলে ধরতে সক্ষম হন।

বিশেষ করে বায়ার্নের হয়ে মাইকেল অলিসের সাম্প্রতিক পারফরম্যান্স নজর কেড়েছে মুলারের। ইউনিয়ন বার্লিনের বিপক্ষে বায়ার্নের ৭-০ গোলের জয়ে অলিসের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, বক্সের বাইরে থেকে অলিসের গোল করা নতুন কোনো বিষয় নয়। তবে প্রতিবারই তাঁর এমন গোল দেখার মতো।

অন্যদিকে ২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে ৭৩ গোল করেছেন হ্যারি কেইন। দুর্দান্ত এই পারফরম্যান্সের কারণে ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার হিসেবে আলোচনায় রয়েছেন তিনি।

বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালও এবারের ব্যালন ডি’অরের অন্যতম আলোচিত নাম। তবে কেইন ও ইয়ামালের কাউকেই নিজের পছন্দের শীর্ষ তালিকায় রাখেননি মুলার।

২০২৬ সালের ব্যালন ডি’অর পুরস্কার আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত অনুষ্ঠানে দেওয়া হবে। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি এবার কার হাতে ওঠে, সেটিই এখন দেখার অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *