মোঃ মাহমুদুল হাসান:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ গোলাম কবির (৫৪) নামে এক শিক্ষককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে এ রায় ঘোষণা করেন আদালত।
দণ্ডপ্রাপ্ত শিক্ষক মোঃ গোলাম কবির শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর (কাঠালিয়াপাড়া) এলাকার মৃত তাজেবুল হকের ছেলে।
তিনি শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক ও স্বাস্থ্যবিষয়ক শিক্ষক ছিলেন।
আদালত ও এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ আগস্ট বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী জীববিজ্ঞানের বই চাইলে শিক্ষক গোলাম কবির তাকে ২৩ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ে আসতে বলেন।
কথামতো ওই ছাত্রী সেদিন বিদ্যালয়ে গেলে ওই শিক্ষক তাকে স্কুল শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের অফিসকক্ষে নিয়ে যান। পরে অফিসকক্ষের দরজা-জানালা বন্ধ করে তাকে ধর্ষণের চেষ্টা চালান।
এ সময় স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে অফিসের গ্লাস ভেঙে ফেললে মেয়েটি রক্ষা পায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে হাতেনাতে আটক করে।
এ ঘটনায় ভিকটিমের চাচা মোঃ শাহজাহান আলী বাদী হয়ে শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০)-এর ১০ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এ রায় দেন।
মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন মোঃ আব্দুস সালাম এবং বিবাদীপক্ষের আইনজীবী ছিলেন মোঃ নাজমুল আজম।
রায় ঘোষণার পর বাদীপক্ষের আইনজীবী মোঃ আব্দুস সালাম সন্তোষ প্রকাশ করে জানান, একজন শিক্ষকের কাছ থেকে এ ধরনের অনৈতিক আচরণ অত্যন্ত লজ্জাজনক ও অপমানজনক। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এমন দৃষ্টান্তমূলক শাস্তির ফলে ভবিষ্যতে কোনো শিক্ষক এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর সাহস করবেন না, এটাই আমাদের প্রত্যাশা।
এদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল আজমের দাবি, আদালত ৯ ধারায় ধর্ষণের চেষ্টা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। যার কারণে শ্লীলতাহানির ১০ ধারায় আমার মক্কেলকে সাজা দিয়েছেন। তাই আমরা আপিল করব।