বিশেষ প্রতিনিধি:
দুই কোটি ৮২ লাখ ৮৪ হাজার ২৪৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তানভির শাকিল জয়ের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম।
দুদকের অনুমোদিত মামলার অভিযোগে বলা হয়েছে, তানভির শাকিল জয়ের নামে মোট ৫ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৭৮৬ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে স্থাবর সম্পদের পরিমাণ ২ কোটি ১০ লাখ টাকা এবং অস্থাবর সম্পদ ৩ কোটি ৫৫ লাখ ৮২ হাজার ৭৮৬ টাকা।
অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, তানভির শাকিল জয়ের দায়-দেনার পরিমাণ ১ কোটি ৩ লাখ ১৬ হাজার ৮৮০ টাকা। এসব দায় বাদ দেওয়ার পর তাঁর নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ৯০৬ টাকা।
অন্যদিকে, আয়কর নথি পর্যালোচনা করে তাঁর গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে ৪ কোটি ২৫ লাখ ৬২ হাজার ২৩২ টাকা। ওই সময়ে তাঁর মোট ব্যয়ের পরিমাণ ছিল ২ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ৫৭৫ টাকা। ফলে ব্যয় বাদ দেওয়ার পর নিট আয় দাঁড়ায় ১ কোটি ৭৯ লাখ ৮১ হাজার ৬৫৭ টাকা।
দুদকের হিসাব অনুযায়ী, নিট সম্পদ এবং ব্যয় বাদে নিট আয়ের মধ্যে পার্থক্য দাঁড়িয়েছে ২ কোটি ৮২ লাখ ৮৪ হাজার ২৪৯ টাকা। এ অর্থকে জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় তানভির শাকিল জয়ের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুদক।