রাধিকার অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ফাঁস, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী রাধিকা আপ্তের একটি অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও অনুমতি ছাড়া ফাঁস হওয়ার ঘটনা নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে শুটিং সেটে অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন ‘লাস্ট স্টোরিজ ৩’-এর অভিনেতা অনিরুদ্ধ সূর্য।

সম্প্রতি ‘মিড ডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে অনিরুদ্ধ বলেন, অন্তরঙ্গ দৃশ্য ধারণের সময় সেটে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ রাখা উচিত। পাশাপাশি এ ধরনের দৃশ্যের শুটিংয়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা, ইন্টিমেসি কো-অর্ডিনেটর এবং গোপনীয়তা চুক্তি থাকা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

রাধিকা আপ্তের ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অনিরুদ্ধ বলেন, অন্তরঙ্গতা একজন ব্যক্তির ব্যক্তিগত বিষয়। কারও অনুমতি ছাড়া এ ধরনের দৃশ্য ধারণ বা প্রকাশ করা একজন অভিনয়শিল্পীর জন্য অত্যন্ত অস্বস্তিকর অভিজ্ঞতা হতে পারে।

অনিরুদ্ধ জানান, তিনি এখনো কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেননি। ফলে এ ধরনের দৃশ্য ধারণের সময় ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নির্দিষ্ট কোনো প্রোটোকল সম্পর্কে বলতে পারছেন না। তবে চলচ্চিত্রের সেটে সাধারণত এ ধরনের দৃশ্যের শুটিংয়ের সময় মোবাইল ফোন ব্যবহারে বিধিনিষেধ থাকে বলে তিনি জানেন।

তিনি আরও বলেন, চলচ্চিত্রের কলাকুশলীদের গোপনীয়তা রক্ষায় সাধারণত চুক্তি বা নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টে (এনডিএ) স্বাক্ষর করতে হয়। অনুমতি ছাড়া কোনো দৃশ্য ধারণ বা তা ছড়িয়ে দেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনি ও পেশাগত জটিলতার মুখে পড়তে হতে পারে।

রাধিকার ভিডিও কীভাবে ধারণ বা ফাঁস হয়েছে, সে বিষয়ে তিনি জানেন না বলেও জানান অনিরুদ্ধ। তবে সেটে থাকা কেউ অথবা বাইরে থেকে কেউ মোবাইল ফোন ব্যবহার করে ভিডিওটি ধারণ করে থাকতে পারেন বলে ধারণা করেন তিনি।

এ ধরনের ঘটনা প্রতিরোধে আরও কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন অনিরুদ্ধ। তার মতে, অন্তরঙ্গ দৃশ্য ধারণের সময় সেটে মোবাইল ফোনের ব্যবহার পুরোপুরি বন্ধ রাখা গেলে অননুমোদিত ভিডিও ধারণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

এর আগে রাধিকা আপ্তে জানিয়েছিলেন, তার অভিনীত একটি সিনেমার অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এমনকি ঘটনার পর চার দিন তিনি বাড়ি থেকে বের হতে পারেননি।

‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাধিকা বলেছিলেন, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শুধু জনসমক্ষে বিব্রত হওয়ার বিষয়ই নয়, ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও তার মধ্যে ভয় তৈরি হয়েছিল। অপরিচিত কেউ বাড়ির দরজায় এসে হাজির হতে পারেন—এমন আশঙ্কাও তৈরি হয়েছিল বলে জানান তিনি।

এদিকে অনিরুদ্ধ সূর্য সম্প্রতি বিক্রমাদিত্য মোতওয়ানের পরিচালনায় ‘লাস্ট স্টোরিজ ৩’-এর একটি অংশে অভিনয় করেছেন। সিরিজটিতে বিজয় ভার্মা, অভিষেক ব্যানার্জি ও কোঙ্কণা সেন শর্মার মতো অভিনেতারাও অভিনয় করেছেন। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া অ্যান্থলজি সিরিজটির তৃতীয় কিস্তিতে সম্পর্ক, আকাঙ্ক্ষা, অন্তরঙ্গতা ও আধুনিক সম্পর্কের বিভিন্ন জটিলতা তুলে ধরা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *