পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি:

পটুয়াখালীতে এক কলেজছাত্রকে তুলে নিয়ে মারধর ও নির্যাতনের পাশাপাশি তার পরিবারের কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় মো. সাইফুর রহমান সাকিব নামে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১টার দিকে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুর রহমান সাকিব পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মামলার বাদী লিমন মাহমুদ ভুক্তভোগী মনিরুলের ভাই। মনিরুল পটুয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক শ্রেণির শিক্ষার্থী।

মামলার অভিযোগ ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, গত রোববার (৪ অক্টোবর) রাতে মাদারবুনিয়া ইউনিয়নের বসাক বাজার এলাকা থেকে মনিরুলকে তুলে নিয়ে একটি নির্জন স্থানে আটকে রাখা হয়। সেখানে তাকে মারধর ও নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় তার ব্যবহৃত স্যামসাং এস২৫ আল্ট্রা মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীর দাবি, আটকে রাখার পর তার পরিবারের কাছ থেকে এক লাখ টাকা নেওয়া হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাইফুর রহমান সাকিব। তার দাবি, মনিরুলকে তারা কোনো মারধর করেননি এবং তার কাছ থেকে কোনো মোবাইল ফোন বা টাকা নেওয়া হয়নি। গভীর রাতে মনির তাদের এলাকার এক প্রতিবেশীর মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে বলে দাবি করেন তিনি। নিজের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে বলেও জানান সাকিব।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সাইফুর রহমান সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *