নিজস্ব প্রতিবেদক:
ডলারের দর কিছুটা কমে যাওয়া এবং তেলের দাম হ্রাস পাওয়ায় সোমবার (১২ অক্টোবর) বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত সিদ্ধান্ত সম্পর্কে ধারণা পেতে চলতি সপ্তাহে দেশটির মূল্যস্ফীতির তথ্যের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।
সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৫৩ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২০৬ ডলারে দাঁড়িয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে দিনের শুরুতে স্বর্ণের দাম ২ অক্টোবরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এদিকে, ডিসেম্বরে সরবরাহের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৩০ ডলারে দাঁড়িয়েছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত জ্বালানি চুক্তি এবং ডলারের গতিপ্রকৃতি স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে।