মোঃআনজার শাহ
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন পরিচালনা বোর্ড গঠন করেছে সরকার। দেশের বহুল প্রচারিত দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে এই বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সংস্থাটির সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং প্রাতিষ্ঠানিক গতিশীলতা বজায় রাখার লক্ষ্যে ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৭ ও ৮ ধারা অনুসারে আগামী তিন বছরের জন্য এই বোর্ড গঠন করা হয়েছে। চেয়ারম্যানসহ বোর্ডে সদস্য রয়েছেন মোট ১৩ জন।
নতুন বোর্ডে একদিকে যেমন সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর প্রতিনিধিরা স্থান পেয়েছেন, অন্যদিকে তেমনি যুক্ত হয়েছেন দেশের প্রতিষ্ঠিত গণমাধ্যমের সম্পাদক ও সংবাদকর্মীরা। প্রশাসনিক দক্ষতা ও সাংবাদিকতার অভিজ্ঞতার এই সমন্বয়কে বাসসের ভবিষ্যৎ পথচলার জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বোর্ডের অন্য সদস্যরা হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস); অর্থ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন করে প্রতিনিধি; তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার এবং বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক (পদাধিকারবলে)।
গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে রয়েছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামছুল হক জাহিদ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, ৭১ টিভির হেড অব নিউজ মো. শাহ আজিজুর রহমান এবং ওএসকিউর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এ ছাড়া বাসসের বাংলা বিভাগের চিফ রিপোর্টার দিদারুল আলমও বোর্ডের সদস্য।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৬ ধারায় নির্ধারিত বিধান অনুযায়ী নতুন বোর্ড তার দায়িত্ব পালন করবে। আদেশ জারির তারিখ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সোলেমান আলী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সংবাদ সংগ্রহ, পরিবেশন ও তথ্যপ্রবাহে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা হিসেবে বাসস দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন এই পরিচালনা বোর্ডের তত্ত্বাবধানেই আগামী তিন বছর সংস্থাটির ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।