পাঁচ করবর্ষের আয়কর মামলায় গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধ করতে হবে। এ বিষয়ে করা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৫ ও ৩২ পৃষ্ঠার দুটি রায় প্রকাশ করা হয়। এর আগে গত ১০ সেপ্টেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেছিলেন। পূর্ণাঙ্গ রায়ে যত দ্রুত সম্ভব দাবিকৃত কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলাটি ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচ বছরের আয়কর দাবি নিয়ে। পুনর্মূল্যায়নের পর এনবিআর গ্রামীণ কল্যাণের কাছে এ কর দাবি করে। এর বিরুদ্ধে ২০১৭ সালে প্রতিষ্ঠানটি পৃথক রিট আবেদন করে।

প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন। পরবর্তী সময়ে চূড়ান্ত শুনানি শেষে নতুন বেঞ্চ রুল খারিজ করে দেন। ফলে ওই আয়কর আদায়ে এনবিআরের আর কোনো বাধা থাকছে না বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর ৪ অক্টোবর হাইকোর্ট গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা পরিশোধের বিষয়ে দেওয়া আগের রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেন। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন বেঞ্চ ওই রায় প্রত্যাহারের পাশাপাশি মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠান। পরে মামলাটি নতুন বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়।

নতুন বেঞ্চে পুনরায় শুনানি শেষে গ্রামীণ কল্যাণের রিট আবেদন খারিজ করা হয়। সোমবার প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে সেই সিদ্ধান্তের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *