সেপ্টেম্বরে নারী-শিশুর ওপর ২৩৬ সহিংসতা, ধর্ষণের ঘটনা ৭৯টি

নিজস্ব প্রতিবেদক:

দেশে গণপিটুনিতে হত্যা, কারা হেফাজতে মৃত্যু এবং নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)। সংগঠনটির পর্যবেক্ষণ অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে নারী ও শিশুদের ওপর ২৩৬টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের ঘটনা ৭৯টি। একই সময়ে গণপিটুনিতে নয়জনের মৃত্যু হয়েছে এবং কারা হেফাজতে মারা গেছেন ২১ জন বন্দী।

সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত ৪ থেকে ১০ অক্টোবরের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদন উপলক্ষে দেওয়া এক যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বিএইচআরএফের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান ও মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা ঘটছে, যা নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করছে।

বিবৃতিতে সাম্প্রতিক কয়েকটি ঘটনার উল্লেখ করে বলা হয়, নোয়াখালীতে ৪৩ বছর বয়সী এক রিকশাচালককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। শরীয়তপুরে বস্তাবন্দি অবস্থায় তিন বছর বয়সী এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কুমিল্লায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে হত্যা এবং রাজবাড়ী ও রাজশাহীতে শিশু নির্যাতনের চেষ্টার ঘটনাও পর্যবেক্ষণে উঠে এসেছে।

বিএইচআরএফ বলেছে, ‘মব ভায়োলেন্স’ বা ‘মব জাস্টিস’ কোনোভাবেই আদালতের বিচারব্যবস্থার বিকল্প হতে পারে না। কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। গণপিটুনি দিয়ে হত্যা করা গুরুতর অপরাধ এবং এ ধরনের ঘটনা আইনের শাসনকে বাধাগ্রস্ত করে।

সংগঠনটির চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। অপরাধের সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে হত্যা করার অধিকার কারও নেই। এ ধরনের ঘটনায় দায়ীদের আইনের আওতায় আনা জরুরি।

মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, কারা হেফাজতে মৃত্যুর প্রতিটি ঘটনা এবং নারী ও শিশুদের ওপর সহিংসতার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। রাষ্ট্রের দায়িত্ব প্রতিটি নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।

বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায় বিএইচআরএফ।

:::

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *