১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা, উন্নতি হয়েছে শারীরিক অবস্থার

বিনোদন প্রতিবেদক:

বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা ১৩ দিন ধরে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভাইরাসজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই বাসায় ফিরতে পারেন তিনি।

অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইমরান হাসান এ তথ্য জানিয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সংগঠনটির আইন ও কল্যাণ সম্পাদক সূচনা সিকদারকে সঙ্গে নিয়ে তিনি হাসপাতালে অভিনেত্রীকে দেখতে যান।

ইমরান জানান, অসুস্থতার প্রথম দিকে খালেদা আক্তার কল্পনার শারীরিক অবস্থা বেশ গুরুতর ছিল। টানা চার-পাঁচ দিন তিনি কথাও বলতে পারেননি। তবে বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। শিগগিরই বাসায় ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।

হাসপাতালে দেখতে যাওয়ার অভিজ্ঞতা জানিয়ে ইমরান বলেন, তাঁদের দেখে অভিনেত্রী খুব খুশি হয়েছেন। শিল্পীরা শুধু সহকর্মী নন, তাঁরা একে অপরের পরিবারেরও অংশ। সুখে-দুঃখে ও বিপদে-আপদে একে অপরের পাশে থাকাই তাঁদের দায়িত্ব এবং ভালোবাসার বন্ধন।

তিনি আরও বলেন, অভিনয়শিল্পী সংঘ সব সময় শিল্পীদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এদিকে, দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী।

মায়ের চরিত্রে দর্শকের হৃদয়ে জায়গা

খালেদা আক্তার কল্পনা বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ। গত শতকের আশির দশকের মাঝামাঝি সময়ে চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়। পরবর্তী সময়ে পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেন তিনি।

বিশেষ করে মায়ের চরিত্রে তাঁর অভিনয় দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। বহু চলচ্চিত্রে মায়ের ভূমিকায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী।

বর্তমানে অভিনয়ে নিয়মিত নন খালেদা আক্তার কল্পনা। সুস্থ থাকলে মাঝেমধ্যে নাটকে অভিনয় করেন। বড় পর্দায় সর্বশেষ তাঁকে ‘তছনছ’ চলচ্চিত্রে দেখা গেছে।

দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে অভিনেত্রী দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন—এমন প্রত্যাশা তাঁর সহকর্মী ও ভক্তদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *