নিজস্ব প্রতিবেদক:
১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর হিসেবে পরিচিত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ দলের ঊর্ধ্বতন নেতারা।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকালে চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন মসজিদ ও মুসলিম কমিউনিটিতে আয়োজিত দাওয়াতি সভায় বক্তব্য দেবেন। এ ছাড়া ব্যবসায়ী ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের নেতাদের সঙ্গেও তাঁর মতবিনিময়ের কথা রয়েছে।
সৌদি আরবে ফ্লাইট বাতিলে শ্রমিকদের সহায়তার দাবি
এদিকে, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলার কারণে ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন।
মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান বলেন, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার কারণে ৬০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। এতে হাজার হাজার প্রবাসী শ্রমিক ঢাকার বিমানবন্দরে আটকা পড়েছেন। সীমিত আয়ের এসব শ্রমিকের থাকা-খাওয়ার ব্যবস্থা করা কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
মাওলানা খলিলুর রহমান বলেন, ফ্লাইট বাতিলের কারণে প্রবাসী শ্রমিকেরা আর্থিক ক্ষতির মুখেও পড়ছেন। তাঁদের দুর্ভোগ কমাতে সরকারকে জরুরি ভিত্তিতে থাকা-খাওয়ার ব্যবস্থা করার পাশাপাশি বাতিল হওয়া ফ্লাইটের টিকিটের মূল্য ফেরত দেওয়ার উদ্যোগ নিতে হবে।