মোহাম্মদ হোসেন হ্যাপী:
সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন তরুণকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ দেওয়া হচ্ছে। একই সঙ্গে নিবন্ধিত ৪৩২টি যুব সংগঠনকে মোট ৩ কোটি ৫৭ লাখ টাকার প্রকল্পভিত্তিক অনুদান দেওয়া হবে।
আগামী ১৭ অক্টোবর (শনিবার) সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী তরুণ ও যুব সংগঠনগুলোর হাতে পুরস্কার ও অনুদানের চেক তুলে দেবেন বলে জানানো হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, জাতি গঠনে তরুণ সমাজ দেশের প্রধান চালিকাশক্তি। তরুণদের উদ্যম, সমাজসেবা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করতে যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের অধীনে স্থায়ীভাবে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ চালু করা হয়েছে। পাশাপাশি যুবসমাজকে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রতিবছর নিবন্ধিত যুব সংগঠনগুলোকে প্রকল্পভিত্তিক অনুদান দেওয়া হয়।
তিনি জানান, আত্মকর্মসংস্থান, ক্রীড়া, সমাজসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, নারী ও শিশু উন্নয়ন, শিক্ষা, পরিবেশ ও জলবায়ু এবং কলা ও সংস্কৃতি—এই আটটি বিভাগে নির্বাচিত ১৫ জন তরুণ-তরুণীকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ দেওয়া হবে। প্রতিটি পুরস্কারের সঙ্গে ১ লাখ টাকার নগদ অর্থ বা প্রাইজবন্ড, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, দেশের জেলা ও উপজেলা পর্যায়ে নিবন্ধিত ৪৩২টি যুব সংগঠনের জন্য মোট ৩ কোটি ৫৭ লাখ টাকার অনুদান চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ সংগঠন পাবে ১ লাখ টাকা, উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ সংগঠন পাবে ৭৫ হাজার টাকা। এ ছাড়া বিশেষ বিভাগে নির্বাচিত ২০টি যুব সংগঠন সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত অনুদান পাবে।
জেলা প্রশাসকদের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ এবং যুবকল্যাণ তহবিল বোর্ডের চূড়ান্ত মূল্যায়নের ভিত্তিতে বিজয়ী তরুণ ও সংগঠন নির্বাচন করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, মূল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকেরা যুক্ত থাকবেন। কেন্দ্রীয়ভাবে চেক হস্তান্তরের পাশাপাশি স্থানীয় পর্যায়ে বাকি ৪২৯টি সংগঠনের হাতে চেক তুলে দেওয়া হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে ১৭ অক্টোবর প্রধানমন্ত্রীর চেক হস্তান্তর কার্যক্রমের পরপরই অনুদানের অর্থ সংশ্লিষ্ট সংগঠনগুলোর ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠানো হবে।
সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।