জামিনের অপেক্ষায় গাজীপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

খসরু মৃধা:

গাজীপুর কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে মোবারক হোসেন (৪৫) নামে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোবারক হোসেন গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের মেঘডুবি এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত আহসান উল্লাহর ছোট ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, গত ১৫ আগস্ট ২০২৬ তারিখে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচার-প্রচারণা চালানো এবং সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় পূবাইল থানা পুলিশ তাকে আটক করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় দুই মাস ধরে কারাগারে থাকা মোবারক হোসেন জামিনের অপেক্ষায় ছিলেন। তবে জামিন পাওয়ার আগেই তার মৃত্যু হয়।

বুধবার বাদ মাগরিব মরহুমের নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *