আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গা নদীতে নৌকা উল্টে ১৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে হিন্দু ধর্মাবলম্বীদের একটি উৎসবে যোগ দিতে নৌকাটিতে করে যাচ্ছিল শিশুরা। নৌকাটিতে অতিরিক্ত যাত্রী থাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। মোবাইল ফোনের টর্চের আলো জ্বালিয়ে নদীতে পড়ে যাওয়া শিশুদের উদ্ধারের চেষ্টা করেন তারা। এ সময় ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসক।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মঙ্গলবার রাতে বিহারের পূর্বাঞ্চলীয় বৈশালী জেলায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। বৈশালীর জেলা ম্যাজিস্ট্রেট বার্তা সংস্থা এএফপিকে নদী থেকে ১৩ শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় গ্রামবাসী রামলক্ষণ জানান, নৌকাটি ছোট ছিল এবং এর অবস্থাও ভালো ছিল না। তা সত্ত্বেও নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ওঠানো হয়েছিল। ফলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।
স্থানীয় চিকিৎসক নির্মল কুমার জানান, জীবিত উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে দুজন শিশু রয়েছে। তাদের শারীরিক অবস্থা গুরুতর। উদ্ধার হওয়া ব্যক্তিদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, এ মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, বিহারের বৈশালীতে নৌকা উল্টে প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। নিহত ও আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় প্রাণ হারানো শিশুদের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।