ময়মনসিংহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএর কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার:

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহে সচেতনতামূলক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ময়মনসিংহ সার্কেলের উদ্যোগে নগরীর প্রিমিয়ার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল—‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।

বিআরটিএ ময়মনসিংহ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) গোলাম মওলা। এ সময় বিআরটিএর কর্মকর্তা জামান হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. চান মিয়াসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

কর্মশালায় শিক্ষার্থীদের সড়কে নিরাপদে চলাচল, ট্রাফিক আইন মেনে চলা, ট্রাফিক সংকেতের যথাযথ ব্যবহার এবং রাস্তা পারাপারের সময় সতর্কতা অবলম্বনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই ট্রাফিক আইন সম্পর্কে সচেতন হওয়া জরুরি। বিদ্যালয়ে যাতায়াতের সময় ফুটপাত ব্যবহার, নিরাপদ স্থানে রাস্তা পারাপার এবং চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের ওপরও গুরুত্বারোপ করা হয়।

আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও আগ্রহ বাড়াতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে অতিথি ও শিক্ষকরা পুরস্কার তুলে দেন। এ কর্মশালা ও কুইজ প্রতিযোগিতায় বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক এবং বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা, সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর অংশ হিসেবে শেরপুর সার্কেলে ডিসি কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে কলম এবং প্রথম ১১ জনকে জ্যামিতি বক্স, ক্লিপবোর্ড বা পেনসিল বক্স উপহার দেওয়া হয়।

এ ছাড়া তুলশীঘাট কাশীনাথ উচ্চ বিদ্যালয়েও শিক্ষার্থীদের অংশগ্রহণে সতর্কতামূলক সেমিনারের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সড়কে নিরাপদে চলাচলের নিয়ম সম্পর্কে সচেতন করতে বিআরটিএর সদর কার্যালয় থেকে সরবরাহ করা বিভিন্ন সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়।

এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *