নিজস্ব প্রতিবেদক:
ঢাকার সাভারের হেমায়েতপুরে মাদানী সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মার্কেটটিতে আগুন লাগে।
ট্যানারি ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার শামীম মিয়া ঢাকা পোস্টকে জানান, আগুন লাগার খবর পেয়ে ট্যানারি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে চারটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটর অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়। এ সময় কয়েকটি জেনারেটর বিস্ফোরিত হয়। আগুনে আটটি জেনারেটরসহ কিছু মালামাল পুড়ে গেছে।
তবে অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।