আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সাউক জেলায় একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু রয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে রীডসবার্গ শহরের কাছে ঘন বনাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার সাউক জেলা শেরিফের দপ্তর এক বিবৃতিতে দুর্ঘটনার তথ্য জানায়। বিবৃতি অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে শেরিফের ডেপুটি ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তল্লাশি চালিয়ে বিমানের ছয় আরোহীকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
শেরিফের দপ্তর জানায়, বিমানটি উইসকনসিনের কেনোশা শহর থেকে মেনোমোনির দিকে যাচ্ছিল। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল পাইপার পিএ-৪৬ মডেলের।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) প্রাথমিক তথ্যে বলা হয়েছে, বিমানটি প্রায় ২৪ হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় পাইলট উড়োজাহাজে বরফ জমার (আইসিং) কথা জানান এবং নিচে নামার অনুমতি চান। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে অনুমতি পাওয়ার পর বিমানটি ডান দিকে মোড় নিয়ে নিচে নামতে শুরু করে।
এনটিএসটির তথ্য অনুযায়ী, একপর্যায়ে বিমানটির নিচে নামার গতি বেড়ে যায়। পরে উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ ও এর গতিপথ পর্যবেক্ষণের তথ্য বিচ্ছিন্ন হয়ে পড়ে।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবহাওয়াজনিত পরিস্থিতি কিংবা বিমানে বরফ জমার ঘটনা দুর্ঘটনায় ভূমিকা রেখেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এনটিএসবি জানিয়েছে, তদন্তকারীরা ঘটনাস্থলে যাচ্ছেন। দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন ৩০ দিনের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।