স্পোর্টস ডেস্ক:
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নতুন ইতিহাস গড়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। লিওনেল মেসির গড়া রেকর্ড ভেঙে মাত্র ২৭ বছর বয়সে প্রতিযোগিতাটিতে ক্যারিয়ারের ১০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) রোমার মাঠে রোমাঞ্চকর ম্যাচে ৪-৩ গোলে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে কোচ হোসে মরিনহোর শুরুর একাদশে সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে খেলেন এমবাপ্পে। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজের শততম ম্যাচ খেলার কীর্তি গড়েন ফরাসি এই তারকা।
মাত্র ২৭ বছর বয়সে এই মাইলফলক ছুঁয়ে এমবাপ্পে পেছনে ফেলেছেন লিওনেল মেসিকে। ২০১৫ সালের সেপ্টেম্বরে রোমার বিপক্ষেই ২৮ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে নিজের শততম ম্যাচ খেলেছিলেন আর্জেন্টাইন মহাতারকা।
শততম ম্যাচটি স্মরণীয় করে রাখতে প্রথমার্ধেই গোল করেন এমবাপ্পে। তাঁর গোলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। এটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে তাঁর ক্যারিয়ারের ৭২তম গোল। এই গোলের মাধ্যমে রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রাউল গঞ্জালেজকে পেছনে ফেলে প্রতিযোগিতাটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি।
২০১৬ সালের সেপ্টেম্বরে মাত্র ১৭ বছর বয়সে মোনাকোর হয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয়েছিল এমবাপ্পের। গত মৌসুমে ১৫ গোল করে প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতা হন তিনি। এ ছাড়া অলিম্পিয়াকোসের বিপক্ষে মাত্র ৬ মিনিট ৪২ সেকেন্ডে হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডও গড়েছিলেন এই ফরাসি ফরোয়ার্ড।