মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরীফকে (৩১) একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাতে উপজেলার কৃষ্ণপুরা এলাকায় তাঁর নিজ বসতবাড়ি থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম শরীফ আড়াইহাজার থানার কৃষ্ণপুরা এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় শফিকুল ইসলাম শরীফকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করলে ‘সি’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. রাকিবুল আলম তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শরীফ তাঁর হেফাজতে অবৈধ অস্ত্র থাকার কথা স্বীকার করেন।
এরই ধারাবাহিকতায় আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের নেতৃত্বে এসআই মোহাম্মদ রাকিবুল আলম, এসআই জহিরুল ইসলাম, এসআই আব্দুল বাছেদ, এএসআই নুরুল ইসলাম ও এএসআই মানিক মিয়াসহ পুলিশের একটি বিশেষ দল ১৬ অক্টোবর ভোর ৪টা ৫৫ মিনিটে শরীফের বসতবাড়িতে অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। অভিযানে আসামির দেখানো মতে, তাঁর বসতঘরের উত্তর পাশের একটি সরু জায়গা থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় পলিথিনে মোড়ানো দুই পাশে কাঠের বাটযুক্ত, খালি ম্যাগাজিনসহ একটি সিলভার রঙের বিদেশি পিস্তল উদ্ধার ও জব্দ করা হয়।
আড়াইহাজার থানা পুলিশ জানায়, অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি শফিকুল ইসলাম শরীফের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় নতুন একটি মামলা করা হয়েছে। শুক্রবারই তাঁকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়।