মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলা জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ২৪ ঘণ্টায় এ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন সদস্য, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দিনগত রাত পর্যন্ত জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে দুইজন মাদক ব্যবসায়ী, ৪০ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ১০ জন, নিয়মিত মামলার দুই আসামি, অন্যান্য ধারায় তিনজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন সদস্য রয়েছেন।
থানাভিত্তিক তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ১৬০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী, একজন মাদকসেবী ও অন্যান্য ধারায় একজনসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ নিষিদ্ধ সংগঠনের একজন সদস্য, পাঁচজন মাদকসেবী ও পাঁচজন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, দুইজন মাদকসেবী ও নিয়মিত মামলার একজন আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করেছে।
বন্দর থানা পুলিশ সাতজন মাদকসেবী ও অন্যান্য ধারায় একজনসহ মোট আটজনকে গ্রেফতার করেছে।
সোনারগাঁও থানা পুলিশ নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য, ২০ জন মাদকসেবী ও দুইজন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২৪ জনকে গ্রেফতার করেছে।
রূপগঞ্জ থানা পুলিশ পাঁচজন মাদকসেবী ও তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট আটজনকে গ্রেফতার করেছে। এ ছাড়া আড়াইহাজার থানা পুলিশ নিয়মিত মামলার একজন আসামি ও অন্যান্য ধারায় একজনসহ মোট দুইজনকে গ্রেফতার করেছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল ও অপরাধীদের দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।