নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলায় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ইটভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চালু রাখার দায়ে মেসার্স বিআরসি ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৮ অক্টোবর ২০২৬) বিকেল ৩টার দিকে উপজেলার ভাতগ্রাম এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত মৌসুমে বন্ধ থাকা মেসার্স বিআরসি ব্রিকস ইটভাটায় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চালু রাখা হয়েছিল। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি মামলা দায়ের করে ১ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া না পর্যন্ত ইটভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার শর্তে কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল মোবাইল কোর্টের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।