আবু জাফর:
শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারপতি ও ট্রাইব্যুনাল সম্পর্কে মিথ্যা, ভিত্তিহীন ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যসংবলিত একটি লিখিত অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি কবির হোসেন তালুকদার। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযোগের পেছনে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
গতকাল রোববার সকাল ১১টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি মহিউদ্দিন হাওলাদার, সহসভাপতি শারমিন সুলতানা, সাধারণ সম্পাদক এ এস এম আনিছুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, কোষাধ্যক্ষ এস এম আলমগীরসহ সংগঠনটির আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কবির হোসেন তালুকদার জানান, গত ১২ মে অ্যাডভোকেট হালিমা আক্তার এ্যানীর স্বাক্ষরযুক্ত একটি অভিযোগপত্র বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযোগপত্রটি প্রধান বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়।
তিনি আরও জানান, অভিযোগপত্রে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারপতি ও ট্রাইব্যুনাল সম্পর্কে বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়েছে। তবে অভিযোগপত্রটির স্বাক্ষর ও দায়দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর দাবি, অভিযোগকারী হিসেবে উল্লেখিত হালিমা খাতুন এ্যানী নিজেই স্বীকার করেছেন যে, সংশ্লিষ্ট অভিযোগপত্রে তাঁর স্বাক্ষর নেই। কে বা কারা তাঁর নাম ব্যবহার করে ওই অভিযোগ দায়ের করেছেন, সে বিষয়ে তিনি অবগত নন এবং এ ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন।
কবির হোসেন তালুকদার বলেন, কারও নাম ও পরিচয় ব্যবহার করে এমন অভিযোগ দায়ের করা হয়ে থাকলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। অভিযোগপত্রের প্রকৃত উৎস, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় এবং অভিযোগ দায়েরের উদ্দেশ্য যথাযথ তদন্তের মাধ্যমে বের করে আনা উচিত। একই সঙ্গে এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম সম্পর্কে নিজের বক্তব্য তুলে ধরে লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, তাঁর দৃষ্টিতে বর্তমান শ্রম আপিল ট্রাইব্যুনাল অতীতের যেকোনো সময়ের তুলনায় ন্যায়সংগতভাবে বিচার কার্যক্রম পরিচালনা করছে। বিচারপ্রার্থীরা যথাযথ বিচার পাচ্ছেন বলেও তিনি দাবি করেন। এ অবস্থায় ট্রাইব্যুনালের বিচারপতি ও বিচারিক কার্যক্রম সম্পর্কে ভিত্তিহীন বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হলে তা তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন বলে তিনি মনে করেন।
সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি শ্রম আপিল ট্রাইব্যুনাল সম্পর্কে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ জানিয়ে তিনি তীব্র নিন্দা প্রকাশ করেন।
এ সময় লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।