অষ্টগ্রামে দুর্গাপূজার নিরাপত্তায় বিএনপির ১১ সদস্যের ভিজিল্যান্স টিম গঠন

এ আর সুমন:

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও উৎসবমুখর পরিবেশ নির্বিঘ্ন রাখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখার লক্ষ্যে কিশোরগঞ্জের অষ্টগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে ১১ সদস্যবিশিষ্ট একটি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। গত ১৮ অক্টোবর এ টিম গঠন করা হয়।

অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, পূজার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করাই এ টিম গঠনের মূল লক্ষ্য।

গঠিত ভিজিল্যান্স টিমের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ সাঈদ আহমেদ এবং সদস্যসচিব করা হয়েছে মোঃ জাকির হোসেন (মুকুল)কে। টিমের অন্যান্য সদস্য হলেন সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, গিয়াস উদ্দিন আশরাফি, নিজামুল হক নজরুল, এস এম শাহীন, মোঃ জাহাংগীর আলম, মোঃ শাহ আলম, মোঃ কামাল পাশা চৌধুরী, একরামুল হক সাব্বির ও মাহবুবুল আলম আক্তার।

ভিজিল্যান্স টিমের সদস্যরা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদার করা এবং নিরাপত্তাসংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার দায়িত্ব পালন করবেন তাঁরা। এ ছাড়া পূজামণ্ডপগুলোর পরিস্থিতি সম্পর্কে টিমের আহ্বায়ক ও সদস্যসচিবের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য ও প্রতিবেদন প্রদান করবেন।

ভিজিল্যান্স টিমের সদস্য সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের প্রিয় বাংলাদেশের চিরায়ত ঐতিহ্য ও সৌন্দর্যের অন্যতম ভিত্তি। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের নিরাপত্তা, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা গড়ে তুলতে চাই একটি শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ।”

তিনি আরও বলেন, “শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসব যেন আনন্দ, উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে উদ্‌যাপিত হয়, সে জন্য আমরা আন্তরিকভাবে কাজ করতে চাই। পূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক এবং কোনো ধর্মের মানুষ যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন, এটাই আমাদের প্রত্যাশা। এই উৎসব নির্বিঘ্ন করতে আমরা অতীতেও মানুষের পাশে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকব, ইনশাআল্লাহ।”

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান একটি সুন্দর সমাজ গঠনের অন্যতম ভিত্তি। সেই চেতনাকে ধারণ করে অষ্টগ্রাম উপজেলা বিএনপির এ উদ্যোগকে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

‘ধর্ম যার যার, নিরাপত্তা সবার’—এই প্রত্যয়কে ধারণ করে সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট থাকুক। শারদীয় দুর্গোৎসব হয়ে উঠুক আনন্দ, শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *