অষ্টগ্রামে দুর্গাপূজার নিরাপত্তায় বিএনপির ১১ সদস্যের ভিজিল্যান্স টিম

এ আর সুমন:

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে কিশোরগঞ্জের অষ্টগ্রামে ১১ সদস্যের ভিজিল্যান্স টিম গঠন করেছে উপজেলা বিএনপি।

১৮ অক্টোবর উপজেলা বিএনপির উদ্যোগে এ টিম গঠন করা হয়। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, পূজার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা এ টিমের মূল লক্ষ্য।

গঠিত ভিজিল্যান্স টিমের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ সাঈদ আহমেদ। সদস্য সচিব করা হয়েছে মো. জাকির হোসেন (মুকুল)কে। টিমের অন্য সদস্যরা হলেন সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, গিয়াস উদ্দিন আশরাফি, নিজামুল হক নজরুল, এস এম শাহীন, মো. জাহাঙ্গীর আলম, মো. শাহ আলম, মো. কামাল পাশা চৌধুরী, একরামুল হক সাব্বির ও মাহবুবুল আলম আক্তার।

টিমের সদস্যরা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদার করা এবং নিরাপত্তাসংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবেন। পূজামণ্ডপগুলোর পরিস্থিতি সম্পর্কে আহ্বায়ক ও সদস্য সচিবের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য ও প্রতিবেদনও প্রদান করবেন তাঁরা।

ভিজিল্যান্স টিমের সদস্য সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের চিরায়ত ঐতিহ্য ও সৌন্দর্যের অন্যতম ভিত্তি। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের নিরাপত্তা, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব। পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাই তাঁদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে উদযাপিত হয়, সে লক্ষ্যে তাঁরা আন্তরিকভাবে কাজ করতে চান। পূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক এবং কোনো ধর্মের মানুষ যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন—এটাই তাঁদের প্রত্যাশা। উৎসব নির্বিঘ্ন করতে তাঁরা অতীতেও মানুষের পাশে ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে জানান তিনি।

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের চেতনাকে ধারণ করে অষ্টগ্রাম উপজেলা বিএনপির এ উদ্যোগকে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

‘ধর্ম যার যার, নিরাপত্তা সবার’—এ প্রত্যয়ে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট থাকুক, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *