ঈদগাহ উপজেলা প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁওয়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান আসামি আব্দু শুক্কুরকে (৪০) রোববার (১৮ অক্টোবর) বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে ঈদগাঁও থানা পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর দুপুর দেড়টার দিকে ঈদগাঁও থানাধীন ইসলামাবাদ ইউনিয়নের মধ্যম গজালিয়া এলাকায় নিজ বাড়ির সামনে খেলছিল শিশুটি। এ সময় চকলেট দেওয়ার কথা বলে তাকে ডেকে নিজের বসতঘরের বারান্দায় নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে আব্দু শুক্কুরের বিরুদ্ধে।
এ ঘটনায় শিশুটির মা শাহিনা আক্তার বাদী হয়ে ঈদগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলার পর জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। গ্রেপ্তার আব্দু শুক্কুর মধ্যম গজালিয়া এলাকার মৃত গুরা মিয়ার ছেলে। পুলিশ জানায়, এ ঘটনায় ঈদগাঁও থানায় দায়ের করা মামলার নম্বর ০৭, তারিখ ১৭ অক্টোবর ২০২৬। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারাসহ দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৫০৬(২) ও ৩৪ ধারায় মামলাটি করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।