নিজস্ব প্রতিবেদক:
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদ্যাপনে হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়াতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মো. সালাহউদ্দিন উদ্দিন খান পিপিএম।
তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব যেন আনন্দ, শান্তি ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হতে পারে, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে পূজামণ্ডপের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং উৎসবে আগত দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
ধূলাউড়ি ইউনিয়নসহ সারাদেশে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হিন্দু সম্প্রদায়ের ভাইদের সঙ্গে আন্তরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ উপলক্ষে তিনি পূজামণ্ডপের আশপাশে অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পূজামণ্ডপকেন্দ্রিক সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং উৎসবের পরিবেশ স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সবাইকে সতর্ক, সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার রয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার এই চেতনাকে ধারণ করে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য, সহমর্মিতা ও পারস্পরিক আস্থা বজায় রাখতে হবে।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে জন্য স্থানীয় পর্যায়ে সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
সামাজিক সম্প্রীতি অটুট রাখা এবং সব ধর্মের মানুষের নিরাপদে ধর্মীয় উৎসব উদ্যাপনের পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক নেতাকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির এই নেতা।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যের বন্ধন অটুট থাকুক শারদীয় দুর্গোৎসব হয়ে উঠুক সবার জন্য আনন্দ, শান্তি ও সৌহার্দ্যের উৎসব।