একই দিনে জন্ম নেওয়া দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে একই দিনে জন্ম নেওয়া দুই চাচাতো-জ্যাঠাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের চৌধুরীপাড়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার দুটিতে চলছে শোকের মাতম।

নিহত দুই শিশু হলো সমসপাড়া গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে মিফতাহুল জান্নাত এবং জিল্লুর রহমানের ছেলে আব্দুল্লাহ আরাফ। দুজনেরই বয়স এক বছর ১০ মাস। তারা সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাই-বোন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তাদের জন্ম হয়েছিল একই দিনে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঘুম থেকে উঠে শিশু দুটি একসঙ্গে খেলছিল। এ সময় তাদের মায়েরা সকালের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা।

পরে পরিবারের সদস্যরা শিশু দুটিকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের নিথর দেহ ভাসতে দেখেন স্বজন ও স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে থাকা তালুককানুপুর ইউনিয়ন পরিষদের দফাদার শ্রী বাবু লাল বলেন, শিশু দুটির মৃত্যুতে পরিবারে আহাজারি চলছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি জানান, শিশু দুটি সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাই-বোন এবং তাদের জন্ম হয়েছিল একই দিনে।

তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল ঘটনাটিকে মর্মান্তিক ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেন। তিনি ছোট শিশুদের, বিশেষ করে সাঁতার না জানা শিশুদের, সব সময় নজরদারিতে রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

সোমবার দুপুরে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *