মোঃ মাহমুদুল হাসান:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা ও একটি বাইসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৩৮ হাজার ৭০০ টাকা।
সোমবার (২৬ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সকাল ৭টা ১০ মিনিটে ব্যাটালিয়নের অধীন মনোহরপুর বিওপির বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ১৪৩টি বিভিন্ন ধরনের ভারতীয় মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এরপর সকাল ৯টা ৫০ মিনিটে একই বিওপির নিয়মিত টহলদল দুর্লভপুর ইউনিয়নের বালুটুঙ্গী গ্রামে আরেকটি অভিযান চালায়। এ সময় ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।
জব্দ করা মোবাইল ফোন, মোটরসাইকেল, বিড়ির পাতা, বিড়ির মসলা ও বাইসাইকেল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশইন ও মাদক চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করছে।