বিনোদন ডেস্ক:
মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত অ্যাকশন সিনেমা ‘জেলার ২’। মাত্র ১১ দিনে বিশ্বব্যাপী ৭১০ কোটি রুপির বেশি আয় করে তামিল চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটি। এর মধ্য দিয়ে ২০১৮ সালে মুক্তি পাওয়া রজনীকান্তের ‘২.০’-এর দীর্ঘদিনের বক্স অফিস রেকর্ডও ছাড়িয়ে গেছে ছবিটি।
বাণিজ্যভিত্তিক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, গত ২৫ অক্টোবর পর্যন্ত ‘জেলার ২’-এর বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ৭১০ কোটি ৩৫ লাখ রুপি। গত ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২৫ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে সিনেমাটির নিট আয় হয়েছে ২৫ কোটি ৭০ লাখ রুপি। এতে দেশটির বাজারে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ৩৯৮ কোটি ৭০ লাখ রুপি। করসহ ভারতের বাজারে মোট আয় পৌঁছেছে ৪৬৬ কোটি ৮৫ লাখ রুপিতে।
অন্যদিকে, আন্তর্জাতিক বাজার থেকেও ভালো ব্যবসা করছে সিনেমাটি। মুক্তির একাদশ দিনে ভারতের বাইরের প্রেক্ষাগৃহগুলো থেকে আরও ১০ কোটি রুপি আয় করেছে ‘জেলার ২’। ফলে আন্তর্জাতিক বাজারে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২৪৩ কোটি ৫০ লাখ রুপি। দেশীয় ও আন্তর্জাতিক বাজার মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় হয়েছে ৭১০ কোটি ৩৫ লাখ রুপি।
স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, ২৫ অক্টোবর ভারতের বাজারে বিভিন্ন ভাষার সংস্করণ থেকেও আয় করেছে সিনেমাটি। এর মধ্যে তামিল সংস্করণ ৫ হাজার ৬৮৩টি প্রদর্শনী থেকে ১৭ কোটি ৩৫ লাখ রুপি আয় করেছে। তেলুগু সংস্করণ ১ হাজার ৮৬০টি প্রদর্শনী থেকে সংগ্রহ করেছে ৪ কোটি ৫০ লাখ রুপি।
এ ছাড়া হিন্দি সংস্করণ ৪ হাজার ১৯৫টি প্রদর্শনী থেকে ৩ কোটি ১৫ লাখ রুপি এবং কন্নড় সংস্করণ ২১৬টি প্রদর্শনী থেকে ৭০ লাখ রুপি আয় করেছে। সব ভাষার আয় মিলিয়ে ওই দিনে ভারতের বাজারে ছবিটির নিট সংগ্রহ দাঁড়িয়েছে ২৫ কোটি ৭০ লাখ রুপি।
মুক্তির প্রথম সপ্তাহান্তেই একাধিক বক্স অফিস রেকর্ড গড়েছিল ‘জেলার ২’। অল্প সময়ের মধ্যে বিশ্বব্যাপী ৩০০ কোটি ও ৪০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়ে আলোচনায় আসে সিনেমাটি। ২০২৬ সালে মুক্তি পাওয়া তামিল ছবিগুলোর মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবেও জায়গা করে নিয়েছে এটি।
এর আগে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা তামিল সিনেমার রেকর্ড ছিল রজনীকান্ত অভিনীত ‘২.০’-এর দখলে। ২০১৮ সালে মুক্তি পাওয়া ছবিটির মোট আয় ছিল প্রায় ৬৯১ কোটি রুপি। ‘জেলার ২’ সেই অঙ্ক ছাড়িয়ে তামিল সিনেমার বক্স অফিসে নতুন শীর্ষস্থান দখল করেছে।
এ ছাড়া বিজয় অভিনীত ‘লিও’-এর প্রায় ৬০৫ কোটি রুপি এবং রজনীকান্তের আগের সিনেমা ‘জেলার’-এর প্রায় ৬০৪ কোটি রুপির বিশ্বব্যাপী আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে সিক্যুয়েলটি।
মুক্তির মাত্র ১১ দিনে ৭০০ কোটি রুপির বেশি আয় করে ‘জেলার ২’ তামিল চলচ্চিত্রের বাণিজ্যিক সাফল্যের নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।