নারায়ণগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার তাঁর বিরুদ্ধে চার মামলা

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মনি ওরফে মরনী (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে আগে থেকেই চারটি মাদক মামলা রয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ সদর থানার ১ নম্বর বাবুরাইল মোবারক শাহ রোডের মূসা হাজীর বাড়ির সামনের রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনি ওরফে মরনী মৃত হাসানের মেয়ে এবং রোমানের স্ত্রী। তিনি ১ নম্বর বাবুরাইল তাতিপাড়া এলাকার খোকন সাহেবের বাড়ি (হাজী বাড়ি) নামে পরিচিত একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক (নিরস্ত্র) মো. রমজান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ২৫ অক্টোবর সন্ধ্যায় বাবুরাইল এলাকায় অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে মূসা হাজীর বাড়ির সামনে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মনিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা করা হয়েছে। পরে তাঁকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *