নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে চারটি সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি ও একটি অভিপ্রায়পত্র সই হয়েছে। দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এ ছাড়া বেসরকারি খাতে দুই দেশের সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে। পাশাপাশি বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা জোরদারে ১৩ দশমিক ৪৪ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিতে বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করেছে জাপান সরকার।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত সোমবার (২৬ অক্টোবর) চার দিনের সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।
সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি, প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার এবং অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো এ সফরের অন্যতম লক্ষ্য। এসব চুক্তি ও সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের অংশীদারত্ব আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।