ঠাকুরগাঁও-১ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষ গণনা শেষে ফল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি সচিব জানান, সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলে। নির্ধারিত সময়ের মধ্যে সব কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়। ভোট চলাকালে সার্বিকভাবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

তিনি আরও জানান, বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার সময় কোনো কেন্দ্রে বাইরে অপেক্ষমাণ ভোটার ছিলেন না। দুপুর ২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এ আসনে ভোটার উপস্থিতির হার ছিল ৪৮ শতাংশ।

ভোটগ্রহণ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন প্রিসাইডিং কর্মকর্তার ছবি না থাকা নিয়ে ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে ইসি সচিব বলেন, বিষয়টি নজরে আসার পর গুরুত্বের সঙ্গে যাচাই করা হয়েছে। কেন্দ্রীয় ডেটাবেজের সঙ্গে তথ্য মিলিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়। এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদেরও ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ভুয়া ভোটার সন্দেহে তিনজনকে আটকের বিষয়ে আখতার আহমেদ বলেন, এ ধরনের সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের রাজনৈতিক পরিচয় বা সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খতিয়ে দেখছে।

নির্বাচন কমিশন সচিব জানান, কেন্দ্রগুলোতে ভোট গণনা চলছে। সব কেন্দ্রের গণনা শেষ হলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *