মো. আরফাতুল ইসলাম:
সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত দুটি বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠান ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। রাস আল খাইমাহর বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ এবং আবুধাবির শায়খ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এ বছর প্রশংসনীয় ফলাফল অর্জন করেছে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষায় দুই প্রতিষ্ঠানের মোট ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১ জন উত্তীর্ণ হয়েছে।
রাস আল খাইমাহর বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর ১৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাঁদের মধ্যে ১৬ জন কৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৮৮ দশমিক ৮৯ শতাংশ। এ ছাড়া ছয়জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে তিনজন এবং বিজ্ঞান বিভাগ থেকে তিনজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ফলে প্রতিষ্ঠানটির মোট ছয়জন শিক্ষার্থী সর্বোচ্চ ফলাফল অর্জনের কৃতিত্ব দেখিয়েছে।
অন্যদিকে, আবুধাবির শায়খ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে শতভাগ পাসের সাফল্য এসেছে। এ প্রতিষ্ঠান থেকে ১৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। ফলাফলে ১১ জন শিক্ষার্থী ‘এ’ গ্রেড, তিনজন ‘এ-’ গ্রেড এবং একজন ‘বি’ গ্রেড অর্জন করেছে।
দুই শিক্ষাপ্রতিষ্ঠানের এমন সাফল্যের পেছনে শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা, নিয়মিত পাঠদান, অধ্যবসায় এবং সঠিক দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। শিক্ষকদের নিবেদিত পাঠদান ও নিয়মিত মূল্যায়নের পাশাপাশি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও লক্ষ্য অর্জনের দৃঢ় প্রত্যয় এ ফলাফল অর্জনে সহায়ক হয়েছে।
প্রবাসে বাংলাদেশের শিক্ষার অগ্রযাত্রায় এ সাফল্যকে ইতিবাচক অর্জন হিসেবে দেখা হচ্ছে। দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতেও শিক্ষার মান ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।