পুলিশের ওপর হামলার মামলায় বগাসহ চারজনের একদিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগাসহ চারজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ নভেম্বর) সকালে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মহিদুল ইসলাম পুলিশের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে নেওয়া অপর তিন আসামি হলেন রকি হোসেন পিচ্চি, মনির হোসেন এবং আবুল হাসান ওরফে কালা হাসান।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর দায়রা আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী। তিনি জানান, মামলার তদন্তের স্বার্থে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত ওয়াকিল হোসেন বগাসহ চারজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় ওয়াকিল হোসেন বগাসহ এজাহারনামীয় ১২ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত চারজনের রিমান্ড মঞ্জুর করেন এবং বাকি আটজনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বরে পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় ওয়াকিল হোসেন বগাকে প্রধান আসামি করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালালে তার অনুসারীরা সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশের ওপর হামলা এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় দায়ের করা মামলায় পরবর্তী তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের ভূমিকা সম্পর্কে তথ্য জানতে বগাসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *