আড়াইহাজারে সাবেক এমপি বাবুর এপিএস অলি গ্রেপ্তার

মনিরুল ইসলাম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর সাবেক এপিএস শাহ মো. ওয়ালিউল্লাহ ওরফে অলি (৪১)সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে তিনজনকে পুরাতন মামলায় এবং একজনকে সিআর ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) আড়াইহাজার থানা-পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার চারজনকে পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুরাতন মামলায় গ্রেপ্তার হওয়া তিনজন হলেন মো. আমিনুল ইসলাম রতন (৫২), আল মামুন পারভেজ (৪১) এবং শাহ মো. ওয়ালিউল্লাহ ওরফে অলি (৪১)। তাঁদের মধ্যে আমিনুল ইসলাম রতন আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। আল মামুন পারভেজ আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা এলাকার বাসিন্দা।

অন্যদিকে, শাহ মো. ওয়ালিউল্লাহ ওরফে অলি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের শিবপুর এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলে জানা গেছে।

এ ছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মো. আছানুল্লা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আড়াইহাজার উপজেলার কড়ইতলা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে আরও জানা যায়, পৃথক অভিযানে গ্রেপ্তার হওয়া চার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *