শেখ হাসিনা ও কামালের সম্পত্তি বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছে প্রসিকিউশন

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে প্রসিকিউশন। এসব সম্পত্তি বিক্রি করে পাওয়া অর্থ জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে বিতরণের ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, এখন পর্যন্ত দুই ট্রাইব্যুনালে আটটি মামলার রায় হয়েছে। এসব রায়ে আসামিদের বিভিন্ন দণ্ডের পাশাপাশি তাঁদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এর মধ্যে অনেক আসামি পলাতক রয়েছেন। তাঁরা যেকোনো সময় নিজেদের সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে পারেন বলে আশঙ্কা রয়েছে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, এ আশঙ্কা থেকে পলাতক আসামিদের সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ পলাতক আসামিদের সম্পত্তি দ্রুত সরকারের হেফাজতে নিতে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে।

তিনি জানান, আপাতত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্তের বিষয়ে চিঠি পাঠানো হবে। তাঁদের সম্পত্তি নিলাম বা অন্য কোনো আইনগত প্রক্রিয়ায় বিক্রি করে পাওয়া অর্থ জুলাই ফাউন্ডেশন অথবা অন্য কোনো বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে বিতরণের ব্যবস্থা করবে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *