আন্তর্জাতিক ডেস্ক:
ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি কার্গো জাহাজে অজ্ঞাত বস্তুর হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) নয়াদিল্লির এক বিবৃতিতে এ হামলার তথ্য জানানো হয়।
ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, ‘এমএসভি আল জুসুফি’ নামের মালবাহী জাহাজটিতে মোট ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ওমানের উপকূলরক্ষী বাহিনী ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ১৩ জন নাবিককে নিরাপদে উদ্ধার করেছে। তবে গুরুতর আহত হয়ে প্রাণ হারিয়েছেন গুজরাটের বাসিন্দা নাবিক গন্ধার নাহিম আজিজ।
ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজ চলাচল খাতে সর্বাধিক সংখ্যক নাবিক সরবরাহকারী দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, দেশটিতে ৩ লাখ ২০ হাজারেরও বেশি সক্রিয় নাবিক রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে হরমুজ প্রণালি অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় বেশ কয়েকজন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় বারবার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ ও অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে।