রামুতে মানারাতুল উম্মাহ মডেল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:

বৃত্তিপ্রাপ্ত ১৩ শিক্ষার্থীসহ কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা

কক্সবাজারের রামুতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মানারাতুল উম্মাহ মডেল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের পুরস্কার প্রদান এবং শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি পরিণত হয় আনন্দঘন মিলনমেলায়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রামু উপজেলা পরিষদের বাঁকখালী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা ও শিশুসাহিত্যিক মোহাম্মদ নাছির উদ্দিন।

মানারাতুল উম্মাহ মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নুরুল আবছার, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর নাঈম উদ্দিন মাহমুদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন রামু উপজেলা সভাপতি হাফেজ আহমদ, সৌদি আরবের মক্কা সৌদি প্রবাসী ফোরামের সভাপতি এমএ মান্নান, মসজিদুল হারাম ও মসজিদে নববীর ভাষা ও অনুবাদ বিভাগের অনুবাদক মুবিনুর রহমান, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক মুহাম্মদ ইমাম খাইর, কক্সবাজার উইজডম গ্লোবাল স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুল আলম, মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল হাকীম, ইসলামী আলোচক মাওলানা আব্দুল জব্বার আল মামুন এবং রামু উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সোয়েব সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, দীর্ঘ শিক্ষকতা ও শিক্ষা প্রশাসনে দায়িত্ব পালনের অভিজ্ঞতায় এ ধরনের অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুব বেশি চোখে পড়েনি। নিয়মিত পাঠদানের পাশাপাশি সাহিত্য-সংস্কৃতিসহ সহশিক্ষা কার্যক্রমে মাদরাসাটির শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রশংসনীয়। একটি শিশুকে মেধাবী, নৈতিকতাবোধসম্পন্ন ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পরিবেশ এখানে রয়েছে। এ ধরনের প্রতিষ্ঠান শুধু শিক্ষার্থী নয়, দেশকেও এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বশির উদ্দিন। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মাওলানা ছলিম উল্লাহ জিহাদী ও মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে ২০২৫ সালের ইবতেদায়ি পঞ্চম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছয়জন, অষ্টম শ্রেণির একজন এবং আইডিয়্যাল ট্রাস্ট বৃত্তিপ্রাপ্ত ছয়জন শিক্ষার্থীসহ মোট ১৩ জনকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া নূরানী তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায় এ প্লাস অর্জনকারী ১০ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।

একই সঙ্গে ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী, মাদরাসার শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং বিভাগ ও শ্রেণিভিত্তিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক নাছির উদ্দিন এবং শ্রেষ্ঠ স্টাফ মোহাম্মদ কাওসারকেও সম্মাননা দেওয়া হয়।

শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীত, হামদ-না’ত, ইসলামী সংগীত, দেশাত্মবোধক গান, ইংরেজি ও আরবি বক্তব্য এবং শিক্ষা ও সচেতনতামূলক নাটিকা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। শিশু শিক্ষার্থীদের সাবলীল উপস্থাপনা, সৃজনশীল পরিবেশনা ও প্রতিভার প্রকাশ উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *