আগামী বছর থেকে ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:

আগামী বছর থেকে ইসরায়েলকে আর বার্ষিক সামরিক আর্থিক সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র। এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার ভিত্তিতে এ সহায়তা বন্ধের বিষয়ে সমঝোতা হয়েছে। বর্তমানে ইসরায়েলকে প্রতিবছর প্রায় চার বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (৩ নভেম্বর) ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা জানান। তিনি বলেন, ইসরায়েলকে প্রতিবছর চার বিলিয়ন ডলার করে সহায়তা দেওয়ার বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে তাঁর চুক্তি ছিল। তবে কয়েক মাস আগে দুই পক্ষের মধ্যে নতুন সমঝোতা হয়েছে। সেই অনুযায়ী, চলতি বছরের শেষ থেকে এ আর্থিক সহায়তা বন্ধ করা হবে।

কী কারণে ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইসরায়েলের এখন আর এই অর্থের প্রয়োজন নেই। দেশটির প্রয়োজন থাকলে তিনি সহায়তা অব্যাহত রাখার পক্ষে মত দিতেন বলেও জানান।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ইসরায়েলকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। অস্ত্র সরবরাহের পাশাপাশি সামরিক সক্ষমতা বাড়াতে দেশটিকে বিপুল পরিমাণ অর্থও দিয়ে থাকে ওয়াশিংটন।

ট্রাম্পের এই ঘোষণার বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েল সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকেও এ বিষয়ে কিছু জানানো হয়নি।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান এবং দীর্ঘদিনের সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনা রয়েছে। গাজায় ইসরায়েলি অভিযানে যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তার বিষয়টিও বিভিন্ন সময়ে বিতর্কের জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *