মো. আনজার শাহ
দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, যার জন্য বড় পরিসরের লংমার্চের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেছেন, জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, তবে জুলাই অধ্যাদেশ নিয়ে সরকারের মতপার্থক্য রয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থা আয়োজিত ‘জাতীয় সাংবাদিক সমাবেশ-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “সত্যিই কি দেশে এমন কিছু ঘটছে, যার জন্য এত বড় লংমার্চ করার প্রয়োজন আছে? দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে আমার বিশ্বাস।” তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে আন্দোলনের ডাক দেওয়ার মতো কোনো কারণ নেই।
তিনি প্রশ্ন তোলেন, “আপনারা আন্দোলনের কথা বলছেন, কিন্তু কার জন্য, কার স্বার্থে?” গত ১৭ বছরের দুঃসহ অভিজ্ঞতা সবারই জানা উল্লেখ করে তিনি বলেন, দেশ আরেকবার সেই পথে ফিরে যাক, এটি কারও কাম্য নয়।
সনদ বাস্তবায়নে অঙ্গীকার, অধ্যাদেশে ভিন্নমত
জুলাই সনদ ও জুলাই অধ্যাদেশ এক বিষয় নয় বলে স্পষ্ট করেন জাকারিয়া তাহের সুমন। তিনি জানান, সংসদে এ বিষয়ে একাধিকবার আলোচনা হয়েছে। জুলাই সনদে স্বাক্ষরিত অঙ্গীকার সরকার অক্ষরে অক্ষরে পালন করতে চায়।
তবে অধ্যাদেশের ক্ষেত্রে সরকারের অবস্থান ভিন্ন। মন্ত্রী বলেন, “জুলাই সনদ আর জুলাইয়ের অধ্যাদেশ দুটি এক জিনিস নয়। জুলাই অধ্যাদেশের সঙ্গে আমাদের মতপার্থক্য রয়েছে।”
দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, স্থিতিশীলতা ও জনগণের স্বার্থ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। তাঁর ভাষ্য, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশকে সামনে এগিয়ে নেওয়াই সবার প্রত্যাশা।
এর আগে একই সমাবেশে গণপূর্ত অধিদপ্তরের বদলি-পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে নেওয়া লটারি পদ্ধতির পক্ষে অবস্থান ব্যক্ত করেছিলেন মন্ত্রী। এ উদ্যোগকে বিতর্কিত করার চেষ্টাকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন।